ওয়ালটনের ত্রাণ নিয়ে গুজব

৩ এপ্রিল, ২০২০ ২১:০১  
লালমনিরহাটে ত্রাণ নিয়ে মিথ্যা সংবাদ পরিবেশন করে গুজব ছড়ানোর অভিযোগ করেছে ওয়ালটন কর্তৃপক্ষ। লিখিত আকারে লালমনিরহাটের জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর এই অভিযোগ দায়ের করা হয়েছে। জানা গেছে, লালমনিরহাটের হাতিবান্ধা শহরে ওয়ালটন প্লাজার একজন ক্রেতা কিস্তিতে কিছু পণ্য কিনে টাকা পরিশোধ নিয়ে ঝামেলা করেন। যদিও এটা আগের ঘটনা। টাকা চাইতে গেলে ওই ক্রেতার লোকজন ওয়ালটনকে ‘সময়মতো’ দেখে নেয়ার হুমকি দেন। করোনাভাইরাস থেকে রক্ষা পেতে সরকারের নির্দেশনা মেনে ওয়ালটন প্লাজা বন্ধ রাখা হলে সেই সুযোগে ওই ব্যক্তি গত ৩০ মার্চ ওয়ালটন প্লাজার সামনে কিছু দরিদ্র মানুষকে তার অসৎ উদ্দেশ্য হাসিলের জন্য ত্রাণ দেয়ার মিথ্যা কথা বলে ডেকে নিয়ে ভিডিও করে, ছবি তোলে। এরপর ষড়যন্ত্রকারীদের ফাঁদে পড়া ওইসব নীরিহ মানুষদের সেখান থেকে চলে যেতে বলে। সে সময় ওয়ালটন প্লাজার কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ দেয়ার কাজে ব্যস্ত ছিলেন। পরে কুচক্রী মহলটি সেই ভিডিও এবং ছবি ফেসবুকে পোস্ট করে। সেইসঙ্গে তাদের ইন্ধনে কিছু অনলাইন নিউজ পোর্টাল ওই সাজানো সংবাদ প্রকাশ করে। তৎক্ষনাৎ বিষয়টি মৌখিকভাবে স্থানীয় প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীকে জানানো হয়। তারা এ বিষয়ে দ্রুত সাড়া দিয়ে ওই কুচক্রী মহলকে চিহ্নিত করে ফেসবুক থেকে তা মুছে ফেলার ব্যবস্থা করেন। কিন্তু তারপরও ফেসবুকে তা ভাইরাল হয়ে গেছে। এ বিষয়ে ওয়ালটনের নির্বাহী পরিচালক উদয় হাকিম বলেন- ওয়ালটন সুদিন, দুর্দিন সব সময়ে দেশের মানুষের পাশে থেকেছে, আছে। করোনা দুর্যোগের সময় দেশের হাজার হাজার পয়েন্ট থেকে ত্রাণ কার্যক্রম চলছে। এ ধরনের গুজব, বানোয়াট সংবাদ পরিবেশন করায় ওয়ালটন মর্মাহত। এই অপপ্রচার বন্ধ না হলে তাদের ত্রান কার্যক্রম চালানো সম্ভব হবে না। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, সারা দেশের ওয়ালটন কর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে ত্রান কার্যক্রম চালাচ্ছেন, মানুষর পাশে দাঁড়াচ্ছেন। এর কোনো এ্যাপ্রিসিয়েশন নেই। উল্টো দুর্নাম কুড়াচ্ছি। অন্যের বদনাম না করে সবাইকে যার যার জায়গা থেকে সাধ্যমতো মানুষের পাশে দাঁড়ানোর অনুরোধ জানান তিনি।